সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা নির্মাণ শ্রমিক। তারা পিকআপে করে সুনামগঞ্জে কাজে যাচ্ছিল বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম। তিনি বলেন, আহতদের সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। হতাহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে।
কালের আলো/এসআর/এএএন

সিলেট প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ১০:২১ পূর্বাহ্ণ