দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী ও নজরুলজয়ন্তী উদযাপন করা হবে: সংস্কৃতি মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ

আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী এবং ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে এবং দেশব্যাপী এ উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (২ মে) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যশালা মিলনায়তনে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সংস্কৃতি মন্ত্রী বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী সুস্থ সংস্কৃতি চর্চাকে আরও জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করব।

তিনি আরও বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে।

সুর সপ্তকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক সৈয়দ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), সিডিএফের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফেরদৌস আরা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুরসপ্তক শুদ্ধ ও সুস্থ সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মধ্যে আমাদের শিকড়ের গান ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।

সাংস্কৃতিক পর্বে ফেরদৌস আরার একক পরিবেশনা ছাড়াও দেশের বরেণ্য শিল্পী আবিদা সুলতানা, খুরশিদ আলম, রফিকুল আলম, অনিমা রায়, কোনাল ও ঝিলিক সংগীত পরিবেশন করেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন