রাজধানীতে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৭:১৩ অপরাহ্ণ

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ মে থেকে অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিনের অভিযানে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি জানান, গ্রেপ্তার এসব চাঁদাবাজদের কারো তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুর ও আশপাশের এলাকার অপরাধ দমনে রায়েরবাজার এলাকায় একটি থানা করা হবে।

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন