‘ঢাকা-১৭ আসনে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা। মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাই ছিলেন অনুষ্ঠানে। স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপনকারী এই হাসপাতালটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে নিজেদের আনন্দানুভূতি প্রকাশ করেন স্থানীয় ভাষানটেক, কড়াইল ও সাততলার বাসিন্দারা। প্রধানমন্ত্রীর সহধর্মিণী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘কড়াইল, ভাষানটেক ও সাততলার শ্রমজীবী মানুষ এই শহরকে সচল রাখে। পোশাকশিল্প থেকে শুরু করে নির্মাণ খাত—সবখানে তাঁদের শ্রম থাকলেও তাঁরাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এসব এলাকার মানুষ যাতে আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।’
নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ (প্রায় ৪২.৬ শতাংশ) প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাঁরা অসুস্থ হওয়ার সুযোগ পান না, কারণ অসুস্থতা মানেই তাঁদের আয় বন্ধ হয়ে যাওয়া বলেও মনে করেন ডা.জুবাইদা রহমান। তিনি আরও বলেন, ‘আমাদের এই এলাকাবাসীর মধ্যে কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী প্রয়োজন, যাঁরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই বিনা মূল্যের চিকিৎসাসেবা সম্পর্কে সবাইকে অবহিত করবেন। আমি আশাবাদী, ঢাকা-১৭ আসনের স্বেচ্ছাসবীরা ও কুর্মিটোলার সদস্যরা একত্রিত হয়ে বহু প্রাণ বাঁচাতে সক্ষম হবেন। কারণ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।’
এদিন মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রীর সহধর্মিণী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রোগ নির্ণয় বিভাগ, গ্যাস্ট্রোলিভার কেন্দ্র এবং ৫০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন করেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রোগীদের খোঁজখবর নেন ও চিকিৎসাসেবার মান সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে বস্তিবাসীদের জন্য বিশেষ টিকিট কাউন্টার এবং অতিরিক্ত শয্যা সুবিধা চালুর ঘোষণাও দেওয়া হয়।
দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমানের নেতৃত্বে চিকিৎসকরা এখানে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করেছেন। দরিদ্র, প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য নির্ভরযোগ্য ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি) ও ডায়াগনস্টিক পরিষেবাগুলো ২৪ ঘণ্টা খোলা থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্য কোনো হাসপাতাল যেখানে দিন-রাত ২৪ ঘণ্টা প্যাথলজিক্যাল সেবা দিতে পারেনি সেখানে কুর্মিটোলা হাসপাতাল নিরবচ্ছিন্নভাবে এই সেবা নিশ্চিতের উদাহরণ স্থাপন করেছে। এছাড়াও কেমোথেরাপি, ছোট-বড় অস্ত্রোপচার ও গাইনোকোলজি বিভাগেও ২৪ ঘণ্টা সেবা চালু রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ নির্বাচনী আসন ঢাকা-১৭ এর অন্তর্ভূক্ত ভাষানটেক, কড়াইল ও সাততলার বাসিন্দারা হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।
‘ঢাকা-১৭ আসনে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখার সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন ভাষানটেকের বাসিন্দা তানিয়া আক্তার। তিনি বলেন, ‘আমি জীবনের প্রথম দেখতে পাচ্ছি, দেশের একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচনের আগে আমাদের কথা শুনতে এসেছিলেন এবং নির্বাচনে জয়ী হওয়ার পরও তারা আমাদের কাছে আসছেন। আমাদের জন্য ফ্রিতে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এখন সরকারি হাসপাতালে যে ভাবে সেবা পাচ্ছি সেটা নির্বাচনি অঙ্গীকারের মত। আমরা সবাই সেবা পাচ্ছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।’
দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার
মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ অত্যধিক। স্বাস্থ্যকর্মীরা অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত ও বঞ্চিত। মানসম্মত চিকিৎসাসেবায় প্রবেশাধিকার এখনো লাখো মানুষের জন্য অসম এক চ্যালেঞ্জ।’ তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ মানুষকে নিজে বহন করতে হয়। ফলে অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।’ প্রধানমন্ত্রীর সহধর্মিণী বলেন, ‘একটি সুস্থ, উৎপাদনশীল, আত্মনির্ভর ও শক্তিশালী দেশ গড়াই আমাদের লক্ষ্য। কড়াইল, ভাসানটেক ও সাততলার মানুষ যেন কখনো চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। নবজাতক থেকে শুরু করে প্রবীণ—সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্তঃসত্ত্বা নারীরাও যেন সহজে ও দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা পান। তিনি বলেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। ডা. জুবাইদা রহমান বলেন, এই এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে এবং চিকিৎসাসেবার তথ্য পৌঁছে দিতে হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির ঢাকা-১৭ নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
অন্যান্যরা কে কী বলেছেন?
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ব্যয়বহুল চিকিৎসাসেবাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে একটি মাল্টি-কেয়ার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু একটি নির্বাচনি এলাকা নয়, সারাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিএনপির ঢাকা-১৭ নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার জানান, কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকায় বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন এরই মধ্যে দৃশ্যমান হয়েছে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, ‘নতুন আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
কালের আলো/এমএসআইপি/এমকে

বিশেষ সংবাদদাতা
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ