স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়ে জোর আলোচনা

বিশেষ সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ১১:১৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতৃত্বে কে আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইতিমধ্যে লবিং-তদবির শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশী নেতারা। এবারও নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হবে। যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারাই শীর্ষ পদে অগ্রাধিকার পাবেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

জানা যায়, সম্প্রতি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সেখানে কমিটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে।

শীর্ষ পদগুলোর মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ। সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি শেখ ফরিদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম ফয়েজুল্লাহ ফয়েজসহ কয়েকজন।

এ ছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে একাধিক নেতার নাম রয়েছে আলোচনায়। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দও আলোচনায় আছেন।

পদপ্রত্যাশীদের বিশ্বাস, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, যারা তৃণমূলকে সংগঠিত করে সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন, তাদেরকে সাংগঠনিক অভিভাবক তারেক রহমান মূল্যায়ন করবেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন