ঈদুল আজহায় অপরাধ দমনে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৯:৩৩ অপরাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, অপরাধীকে গ্রেপ্তার করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এপ্রিল ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, পশুর হাটগুলোর আশপাশে যানজট সৃষ্টি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।

লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে।

থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে হবে।

মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এ ছাড়া অনুষ্ঠানে ডিএমপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন