আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ৫:১৬ অপরাহ্ণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলে সময়মতো সিদ্ধান্ত আসতো না। এখন সেই পরিস্থিতি বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল ভূমিকা পালন করছে।

পুলিশ বাহিনীতে জনবল সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। তাই সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন