রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য স্টেডিয়ামগুলো সংস্কার করা হবেঃ ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ৫:১১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন,“রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খুব দ্রুত যে স্টেডিয়ামগুলো  জরাজীর্ণ অবস্থায় আছে সেগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে।” শনিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “রাজশাহীর বিভাগীয় যে স্টেডিয়াম আমাদের প্রিয় সন্তান মুক্তিযুদ্ধে যিনি রাজশাহীর মাটিতে শাহাদাত বরণ করেছিলেন সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই স্টেডিয়ামকে আমরা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামকরণ করে সেখানে নতুন করে ফ্লাডলাইট, টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। রাজশাহীতে আন্তর্জাতিকমানের ফুটবল এবং অন্যান্য খেলাকে নিয়ে রাজশাহীর সমৃদ্ধি আরো বৃদ্ধি করা হবে।”

ভূমিমন্ত্রী বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমান  জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোর কুঁড়ি দিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে ছোট নবীন শিল্পীদের সৃষ্টি হয়েছিল। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও বেগবান করেছিলে। আমরা আশা করছি এই আয়োজন এর মধ্য দিয়ে আমাদের ছোটমনিরা জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।”

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপি’র অতিরিক্ত কমিশনার আল মামুন, ডিআইজি অফিসের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুদে খেলোয়াড়রা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।কালের আলো/এসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন