সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ১০:২৭ অপরাহ্ণ

রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য সালমান ও আনিসুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এসময় আসামিদের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন নতুন দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককালে আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন