রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে এক ট্রাক জিরা লুটের অভিযোগে বিএনপির এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে জিরা সরবরাহকারী আমদানি ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বাদী হয়ে বাঘা থানায় মামলাটি দায়ের করেন।
জিরা লুটের সঙ্গে জড়িত আড়ানী বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহমেদ তুফানকে (৫৫) প্রধান আসামি করে দায়ের মামলায় তুফানের ভাই বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন (৪৫), তাদের দুই ভাগ্নে সুইট (২৫) ও শান্তকে (২৮) আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, এক ট্রাকে ৩০০ বস্তায় ৯ হাজার কেজি জিরা লুটের অভিযোগে পাবনার আমদানি ব্যবসায়ী মিঠুন সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জিরার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক তোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন। জিরা লুটকারীরা ৩৭ লাখ টাকা পরিশোধের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন। ব্যবসায়ী মিঠুন সরদার তা মেনে নিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ গা ঢাকা দিয়েছে। ফলে ব্যবসায়ীকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, তিনি মামলা করেছেন।
কালের আলো/এসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ৫:৩৬ অপরাহ্ণ