বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ১:৫২ অপরাহ্ণ

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে ভাড়া বাসা থেকে মোজাফফর রহমান (৫৬) নামে এক ডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে বেনাপোলের সাদীপুর গ্রামে ইকরামুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করলে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরে বিকেল ৫টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া মৌসুমী পাল তাকে খাবারের জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে বাড়ির অন্যদের খবর দেওয়া হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।স্থানীয় বাসিন্দা উজ্জ্বল জানান, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকায় ফেরি করে হাঁসের ডিম বিক্রি করতেন। কয়েকদিন আগে তিনি ইজিবাইকের দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে ভাড়া বাসায় চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করায় তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন