চোখ রাঙাতে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ। বিশেষজ্ঞরা গত বছরের তুলনায় এবার সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলও বলছেন, হামের টিকার ব্যবস্থা হলেও এখনও ডেঙ্গু, পোলিও, হান্টাসহ অনেক রোগ চোখ রাঙাচ্ছে। এগুলো মোকাবিলা করা সরকারের জন্য চ্যালেঞ্জ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১২ মে পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজন। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫৪ জন। এর মধ্যে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসের ১২ দিনে ২৭১ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, এবার সারা দেশে ডেঙ্গু বাড়বে। ডেঙ্গু ছড়ানোর জন্য এডিস মশার ঘনত্ব যে মাত্রায় থাকা দরকার, তার থেকেও বেশি আছে। এখনই যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ডেঙ্গু বাড়বে। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। সে জন্য এখনোই বিজ্ঞানভিত্তিক সমন্বিত মশকনিধন কার্যক্রম চালাতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসন নয়, নাগরিকদেরও সচেতনতা জরুরি। নিজের বাসা ও আশপাশে দুদিনের বেশি পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি টানানো আবশ্যক। সিটি করপোরেশনগুলোর এখনই সতর্ক হওয়া উচিত। না হলে এপ্রিলের তুলনায় মে মাসে ডেঙ্গু সংক্রমণ কয়েকগুণ বেড়ে যেতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘বৃষ্টি হলেই ডেঙ্গু বাড়ে। এবার ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায় হলো এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। কেউ বহুতল ভবনে বসবাস করলে সেখানেও পানি জমে থাকলে ফেলে দিতে হবে। ঘরের ভেতরেও যেন পানি না জমে। অনেকেই প্লাস্টিকের ড্রাম বা মাটির মটকিতে পানি সংরক্ষণ করেন— এগুলো তিনদিনের বেশি রাখা যাবে না। রাখলেও ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে এডিস মশা ডিম পাড়বে। এডিস মশা ভোরে ও সন্ধ্যায় কামড়ায়, তাই তখন সাবধান থাকতে হবে।’
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে এর আগে গত ১২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিওবার্তা দেন। প্রতিটি এলাকার সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের আহ্বান জানান, জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেক সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর। প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী, গত ১৪ মার্চ শনিবার থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কিন্তু দুই সপ্তাহ পর তার আর তেমন ধারাবাহিকতা রাখতে দেখা যায়নি।
কালের আলো/এম/এএইচ

কালের আলো রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬ । ১০:৫০ পূর্বাহ্ণ