ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ১:৫২ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন