মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার দুই বছরের শিশু নিহত হয়েছেন।মোটরসাইকেল থেকে শিশুসন্তান ছিটকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির একটি গাড়ির চাপায় নিহত হন ওই নারী। পরে হাসপাতালে নেওয়ার পর শিশুটিকেও বাঁচানো যায়নি।শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার ভাটিয়ারী বিএম গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। নিহত মোছা: তারিন (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার স্বামী জাকারিয়া নয়ন ও সন্তানকে নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী গলফ ক্লাব এলাকায় বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘোরাঘুরি শেষে রাতে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ফিরছিলেন তারা। পথে ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএম) গেট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝাঁকুনিতে মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায় শিশুটি।সন্তানকে বাঁচাতে সাথে সাথেই মোটরসাইকেল থেকে লাফ দেন তারিন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর শোকাহত স্বামী জাকারিয়া নয়ন অভিযোগ করেন, ঘটনার পরপরই বিশৃঙ্খলার সুযোগে কেউ তার স্ত্রীর ব্যাগ নিয়ে গেছে। ব্যাগটিতে মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানান তিনি।বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা তারিন ও তার শিশুসন্তানের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।

কালের আলো/এসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন