রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়েছে। আঞ্চলিক পর্যায়ের ফুটবল ম্যাচে বগুড়া জেলা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র ছিল।
রোববার (১৭ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এম পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শিশু-কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে বিকশিত করতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
ভূমি মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।” অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। আজকের এই প্রতিযোগীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিজুড়ে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার ) পিএইচডি, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ,জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনা (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্ম-সচিব) ড.চিত্রলেখা নাজনীন, পরিচালক (স্থানীয় সরকার) (যুগ্ম-সচিব) মোছাঃ তাছলিমা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, সাবেক জেলা ক্রীড়া অফিসার ওবাইদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআইপি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ৯:২৩ অপরাহ্ণ