৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৫:৩১ অপরাহ্ণ

২০২৪ সালের ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠীর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপনে সেই গোষ্ঠী পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষায়, ‘৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের ভাগ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ধরনের পরিস্থিতি তৈরি করতে চাওয়া শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন