শাকিবের ‘রকস্টার’ দেখতে পারবে সবাই

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ১১:০৮ পূর্বাহ্ণ

ঈদের আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে আসছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বহুল আলোচিত এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ (U) অর্থাৎ আনরেস্ট্রিক্টেড বা ‘সবার জন্য উন্মুক্ত’ সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ, সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আজমান রুশো। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক হাইপ তৈরি হয়েছে।

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে প্রস্তুত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের এই নতুন প্রজেক্ট। সিনেমাটির মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। কেবল চিরচেনা রোমান্সই নয় সিনেমাটিতে উঠে আসবে এক রকস্টারের জীবনের গল্প।

তারকাখ্যাতির চাপ, ভেতরের চাপা আবেগ আর তীব্র মানসিক দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্প রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আজমান রুশো। সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খানের তিন নায়িকা। গল্পে এই তিন নায়িকার উপস্থিতিতে রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই রহস্য আর প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকস্টার’-এর নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এই ‘রকস্টার’।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন