ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসের আবাসিক হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ খাবার ‘মেজবান’ ও ঈদ শুভেচ্ছার আয়োজন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্রশিবির। ঈদের দিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ মেজবানি ভোজের আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, উৎসবে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাসে অবস্থানরত অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও পৃথক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হবে।
বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব মুরাদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে ঈদুল আজহা সমাগত। আমরা লক্ষ্য করেছি পড়াশোনা ও বিভিন্ন একাডেমিক ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে ক্যাম্পাসে ঈদ উদযাপন করতে বাধ্য হন। তাদের ঘরের অভাব ও একাকিত্ব দূর করতেই ‘মেজবান-ই-ঈদ’ এর আয়োজন।
তিনি আরও বলেন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এ আয়োজনে ক্যাম্পাসে অবস্থানরত সব শিক্ষার্থীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। আসুন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও তাকওয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।
কালের আলো/জেএন/এমএসআইপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ২:০৬ অপরাহ্ণ