হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৮৮ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৬৫ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৫১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮২৬। এই সময়ে ৭২৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০২৩ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৪ হাজার ১৮৮ রোগী, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

কালের আলো/এসআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন