বাবা-মায়ের সঙ্গে মতবিরোধ, ঈদের দিন যুবকের আত্মহত্যা

ফরিদপুর প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ৮:১১ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে মেহেদী হাসান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বেশিরভাগ সময় মামার বাড়িতে থাকতেন। ঈদুল আজহা উপলক্ষ্যে দুই দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে জামাতে ঈদের নামাজ আদায় শেষ করে বাড়িতে ফিরে যান। পরে পরিবারের সদস্যরা কোরবানির কাজে ব্যস্ত থাকায় ঘরের বাইরে ছিলেন।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন মেহেদী। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস পুলিশ ফোর্সসহ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ময়না ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন