ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ১১:২১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, কেউবা ঈদের দিন কসাই না পেয়ে অথবা স্থান সংকটসহ নানা কারণে প্রথম দিন কোরবানি করতে না পারায় আজ কোরবানি দিচ্ছেন। আর ধর্মীয় বিধান অনুযায়ীও এর সুযোগ রয়েছে। তিন দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়।

শুক্রবার (২৯ মে) সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকেই কোরবানির প্রস্তুতি নেন অনেকে। ঈদের আগেই কিনে রাখা পশু কোরবানি দিচ্ছেন তারা। তবে প্রথম দিনের তুলনায় এই সংখ্যা অনেক কম।

ইসলাম ধর্মের বিধি অনুযায়ী, ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) পশু কোরবানি করা যায়। আর এই বিধানের আলোকে দ্বিতীয় দিন ঢাকায় অনেকে কোরবানির পশু জবাই করছেন। ধর্মীয় আচার মেনে গরু-ছাগল জবাই করতে দেখা গেছে।

শাহজাদপুর, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, গুলশান, মৌচাক, বাড্ডা এলাকায় দেখা যায়, কসাইদের সহায়তায় চলছে পশু প্রস্তুতের কাজ। এসব এলাকায় প্রথম দিনও অনেক পশু কোরবানি হয়েছে।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া একাধিক ব্যক্তি জানান, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ, কসাইয়ের অভাব এবং সময় ব্যবস্থাপনার জটিলতায় অনেকেই নির্ধারিত দিনে কোরবানি করতে পারেননি। ফলে তারা পরের দিনকে বেছে নিয়েছেন তুলনামূলক স্বস্তিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের জন্য।

রাজধানীর শাহজাদপুরের বাসিন্দা রাফে ইসলাম জানান, ‘তাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার রেওয়াজ আছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারো দ্বিতীয় দিন পশু কোরবানি করছেন তারা। তাছাড়া ঈদের পরদিন কোরবানি দিলে পেশাদার কসাই পাওয়া যায়। এতে কোরবানির কার্যক্রম আরো ভালোভাবে করা যায়।

এদিকে পেশাদার কসাইরা ঈদের পরের দিনেও ব্যস্ত সময় পার করছেন। কসাই মতিন মিয়া বলেন, ঈদের দিন তিনি একাধিক গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে বিভিন্ন এলাকায় কোরবানির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরও তৎপর থাকতে দেখা গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন