২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এই আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
কোচ লিওনেল স্কালোনি দলে রেখেছেন কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে।
২০২২ সালে শিরোপা জয়ের দলে থাকা ১৭ ফুটবলার এবারও সুযোগ পেয়েছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ থেকে শুরু করে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজদের মতো গুরুত্বপূর্ণ তারকারা আছেন স্কোয়াডে।
তবে গুঞ্জন থাকলেও দলে ফেরানো হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়াকে। কোপা আমেরিকা ২০২৪ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া এই উইঙ্গারকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা।
ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে না খেলা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার জায়গা পেয়েছেন দলে। ২০১৮ সালে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এবার বিশ্বকাপে নিজের ছাপ রাখার বড় সুযোগ পাচ্ছেন এই মিডফিল্ডার।
অভিজ্ঞদের পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কয়েকজন তরুণ ফুটবলারকেও অন্তর্ভুক্ত করেছেন স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও জোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
অন্যদিকে চোট ও ফিটনেস ইস্যুর কারণে বাদ পড়েছেন ২০২২ সালের স্কোয়াডের সদস্য মার্কোস আকুনা। এছাড়া সম্ভাবনাময় তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি চূড়ান্ত দলে।
‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।
কালের আলো/এসআর/এএএন

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ১২:১৭ অপরাহ্ণ