৬ শিশুর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৩:৪০ অপরাহ্ণ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়াসহ দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনার পর সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান শুক্রবার এ নোটিশ পাঠান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলোতে), স্বাস্থ্য অধিদফতর এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশব্যাপী গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া একাধিক নবজাতক হঠাৎ একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে যে, এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয় যে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা পর্যাপ্ত ছিল না এবং সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব ঘটে।

ফলে একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোকেই নয়, সমগ্র জাতিকে ব্যথিত ও মর্মাহত করেছে।

কালের আলো/এসআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন