ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৬:৩৫ অপরাহ্ণ

আমি ঠাকুরগাঁও শহরের একজন অভিভাবককে হারালাম। তিনি আমার সিনিয়র বন্ধুও ছিলেন। ছোটবেলায় তার সঙ্গে খেলাধুলা করেছি। তিনি খুব ভালো ফুটবল খেলতেন’ ভারাক্রান্ত কণ্ঠে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বর্ষীয়ান আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

জেলার আইন অঙ্গনের প্রবীণ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও আইনজীবী অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা ৯৫ বছর বয়সে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার দুপুর থেকেই জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সেখানে প্রয়াতের মরদেহ রাখা হলে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

বিএনপি ও ঠাকুরগাঁও টাউন ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বলরাম দা ছিলেন অত্যন্ত সজ্জন, মেধাবী ও মানবিক একজন মানুষ। ঠাকুরগাঁওয়ের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান মানুষ দীর্ঘদিন মনে রাখবে।’

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, আইনজীবী নেতৃবৃন্দ এবং প্রয়াতের পরিবারের সদস্যরা।

পরে বিকেল ৪টায় ঠাকুরগাঁও কালিমন্দির শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘ আইনজীবী জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের জন্য জেলাজুড়ে বিশেষভাবে সম্মানিত ও শ্রদ্ধার পাত্র ছিলেন অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন