মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ১০:১৩ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউদার্ন কমান্ড বা সাউথকম) জানায়, বেআইনি কার্যকলাপের তথ্য পাওয়ার পর একটি সন্দেহভাজন নৌযানকে শনাক্ত করা হয়। পরে সেটিকে ধাওয়া করলে নৌযানটি পালানোর চেষ্টা করে।

সাউথকমের দাবি, নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালালে অন্তত তিনজন নিহত হন।

তবে নিহতদের পরিচয়, জাতীয়তা কিংবা নৌযানটিতে কী পরিমাণ মাদক ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। অভিযানের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় মাদক পাচার রোধে সমুদ্রপথে নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে নিয়মিতভাবে মার্কিন কোস্টগার্ড, নৌবাহিনী এবং সাউথকম অংশ নেয়।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন