আইনি জটিলতায় কয়েক দফা পিছিয়ে চলতি বছর অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে আরও সময় লাগছে।ফল প্রস্তুতের কাজ এখনো শেষ না হওয়ায় কবে নাগাদ ফল প্রকাশ করা হবে,সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে আগামী ১০ জুনের মধ্যে কার্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ফল প্রকাশের সময় জানানো হতে পারে।বুধবার (৩ জুন) প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখনও ফল তৈরির কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১০ জুনের পর বলা যাবে যে, কবে নাগাদ পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। এখনও আমরা ফল তৈরির কাজ শেষ করতে পারিনি।’
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের প্রায় চার মাস পর গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শেষ হয় এবারের পরীক্ষা।
এতে অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।
এবার মেধা ও জেলা-উপজেলাভিত্তিক কোটায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।
শিক্ষার্থীদের দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন। বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সুবিধা পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর তারা এই সুবিধা ভোগ করবে।
কালের আলো/জেএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ১:৪৫ অপরাহ্ণ