দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটির পাশে উৎসুক জনতার ভিড়। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার জামতৈল গ্রামের সোনা উল্লার ছেলে অটোভ্যান চালক নূরুল ইসলাম (৩৫), আজুগড়া (হিজলতলা) গ্রামের মৃত বাছের সরকারের ছেলে আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)। গুরুত্বর আহত হয়ে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত দম্পত্তির মেয়ে তামান্না খাতুন (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী থেকে ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও অটোভ্যান চালকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই নিহত দম্পত্তির মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমান জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
কালের আলো/এএইচ/এমএসআইপি

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ১১:১৪ পূর্বাহ্ণ