শুক্রবার (৫ জুন) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায়র গন্ডা পূর্বপাড়া গ্রামে,
শিশু সন্তানের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে জামাল(৪৫) মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে জামাল মিয়ার সন্তান ও প্রতিবেশী সুজন মিয়ার সন্তানদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই পরিবারের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে জামাল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের মধ্যে সৃষ্ট ঝগড়ার সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নেএকোনা(কেন্দুয়া) প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ