জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
শনিবার (৬ জুন) বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজে এই তথ্য জানিয়েছে।
সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
সেনাবাহিনী জানায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তারা শাহাদাতবরণ করেন। তাদের অসীম সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৪:৪১ অপরাহ্ণ