জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১:০৪ অপরাহ্ণ

আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুদান হিসেবে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বিষয়টি জনস্বার্থের দিক বিবেচনায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সময় দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

মন্ত্রী বলেন, সরকার পুরো বিষয়টি স্বচ্ছভাবে এগিয়ে নিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন