ভাঙাচোরা অর্থনীতি মেরামতের বাজেট!

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ১০:২৭ পূর্বাহ্ণ

নানা কারণে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে বড় তিনটি বিষয় হচ্ছে- দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার জন্য আগামী বাজেট হবে মূল নিয়ামক। কারণ অর্থনীতির প্রতিটি খাতের চরম দুরাবস্থা চলে আসছে বিগত কয়েক বছর ধরে।

সেই ভাঙাচোরা অর্থনীতি মেরামত করতে হবে এই বাজেটের মাধ্যমে। এরপর উচ্চ মূল্যস্ফীতি কমানোর দিকে অধিক গুরুত্ব দিতে হবে। আবার বিনিয়োগ খরা কাটানোর মতোও অনেক উপকরণ রাখতে হবে বাজেটে। অর্থনীতির এসব গুরুত্বপূর্ণ খাতে যেখানে বেশি নজর দিতে হবে সেখানে আগের সরকারের আমলে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণের বোঝা টানতে হবে সরকারকে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু সুদ পরিশোধেই বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এটি মোট বাজেটের প্রায় ১৩.৫৪ শতাংশ। উন্নয়ন ব্যয়ের পর এটিই সরকারের অন্যতম বৃহৎ ব্যয় খাত হয়ে উঠেছে। ২০২০-২১ অর্থবছরে এই ব্যয় ছিল প্রায় ৬৮ হাজার কোটি টাকা। ছয় বছরের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ হয়ে ১ লাখ ২৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থনীতির জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন ধরে বাজেট ঘাটতি পূরণে দেশি ও বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এখন বাস্তব চাপে রূপ নিয়েছে। বড় বড় অবকাঠামো প্রকল্প, রাজস্ব ঘাটতি এবং চলতি ব্যয়ের চাপ একত্রে ঋণের পরিমাণ বাড়িয়েছে। সেই ঋণের সুদ পরিশোধই এখন বাজেটের বড় অংশ দখল করছে। এদিকে, এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে ব্যাংক ব্যবস্থা, সঞ্চয়পত্র এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হবে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন