দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে শিক্ষার আলো : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ১:২৭ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার আগ্রহী। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

(বুধবার)১০ জুন রাজধানীর একটি হোটেলে ‘ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে জলবায়ু সহনশীল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল। এ অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, যেকোনো উদ্যোগ নেওয়ার চেয়ে সেটি সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনে সরকার সফল শিক্ষা উদ্যোগগুলোকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সহযোগিতা করতে চায়।

বক্তব্যের শেষে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে অভিনন্দন জানান তিনি।

এ সময় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন