প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপদ অভিবাসন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বিদেশে কর্মসংস্থান, বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১০ জুন) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউ প্রতিনিধি দল ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ-ইইউ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রবাসী কর্মীদের জন্য ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বৈঠকে উভয় পক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসন খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত পোষণ করে।
ইইউ প্রতিনিধি দলে ছিলেন হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
কালের আলো/এম/এএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১০:৫০ অপরাহ্ণ