২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনীতিতে গতি ফেরাতে তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একইসঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণে চারটি বিষয়কে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে বাজেটে ঘোষিত পরিকল্পনা তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে, যা ‘থ্রি-আর স্ট্র্যাটেজি’ নামে অভিহিত করা হয়েছে।
‘থ্রি-আর’ স্ট্র্যাটেজি
১. রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন:
অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করার এ কার্যক্রমের মেয়াদ এক বছর।
২. রেস্টোরেশন:
অর্থনীতির উত্তরণ ও কাঠামোগত সংস্কারের এ ধাপ বর্তমান সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
৩. রিকনস্ট্রাকশন ফর অ্যাকসিলারেশন:
দীর্ঘমেয়াদি সমৃদ্ধ অর্থনীতি গঠনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগের চার মূলনীতি
মাহদী আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে সরকার চারটি বিষয়কে প্রধান বিবেচনায় রেখেছে—
১. ভ্যালু ফর মানি:
সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
২. রিটার্ন অন ইনভেস্টমেন্ট:
জনগণের অর্থ যেসব প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে, সেগুলোর অর্থনৈতিক সুফল মূল্যায়ন করা।
৩. জব ক্রিয়েশন:
সরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া।
৪. এনভায়রনমেন্টাল কনসিডারেশন:
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
বাজেটের ১০ প্রধান অগ্রাধিকার
প্রস্তাবিত বাজেট প্রণয়নে সরকার ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলো হলো—
১. সবার জন্য উন্নয়ন
২. সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা
৩. সর্বজনীন সামাজিক সুরক্ষা
৪. বিনিয়োগনির্ভর, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি
৫. বিনিয়ন্ত্রণকরণ
৬. আর্থিক খাতের স্থিতিশীলতা
৭. জ্বালানি নিরাপত্তা
৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ
৯. প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা
১০. স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা
এছাড়া অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে তিন ধরনের ‘ডিভিডেন্ড’ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, লংজিভিটি ডিভিডেন্ড এবং ডেমোক্রেটিক ডিভিডেন্ড।
প্রসঙ্গত, প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৩:০৯ অপরাহ্ণ