যুক্তরাষ্ট্রের কঠিন পরীক্ষা নেবে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৯:৪২ অপরাহ্ণ

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র বড় ছাপ রাখতে চায়। সেই লক্ষ্যে ২০২৩ সালে হাইপ্রোফাইল কোচ মাউরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছিল তারা। তিন বছর পর এই আর্জেন্টাইন কোচের আস্থার প্রতিদান দেওয়ার পালা।

যদিও পচেত্তিনোর দলটির মধ্যে তার আগের ক্লাব দলগুলোর মতো একই বৈশিষ্ট্য—যেমন হাই-প্রেসিং ও সাবলীল আক্রমণাত্মক ফুটবল দেখা যায় না, তবুও যুক্তরাষ্ট্রের এই দল বেশ তীব্রতা নিয়েই খেলে এবং গোল করতে পারে। সামনের সারিতে ক্রিশ্চিয়ান পুলিসিক ও ফোলারিন বালোগানই প্রধান ভরসা এবং গোল করার মূল দায়িত্ব থাকবে তাদের কাঁধেই। তবে আক্রমণের ক্ষেত্রে ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, ব্রেন্ডেন অ্যারনসন, জিওভানি রেইনা, সার্জিনো ডেস্ট ও অ্যান্টোনি রবিনসনের মতো খেলোয়াড়রাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা বেশ দীর্ঘ সময় ধরে জাতীয় দলের অংশ এবং নিজেদের ক্লাবের হয়ে ইউরোপের বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।

অবশ্য সাম্প্রতিক সময়ের কিছু ফলের সঙ্গে স্বাগতিক হওয়ার চাপ দলে বিরাজমান। এই বছর চার ম্যাচ খেলে হেরেছে তিনটিতে। জার্মানি, পর্তুগাল ও বেলজিয়ামের কাছে পরাজিত দলটির একমাত্র জয় এসেছিল গত সপ্তাহে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে। আশা করা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচেও সেই ধারা থাকবে।

এদিকে প্যারাগুয়ে তিনটি আসরে দর্শক হয়ে থাকার পর বিশ্বকাপে ফিরেছে। শেষবার ২০১০ সালের টুর্নামেন্টে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০২৪ সালে দলটির কোচের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী গুস্তাভো আলফারো। এই ট্যাকটিশিয়ানে ভর করে বিশ্বকাপে স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে।

আলফারো জাতীয় দলকে তার প্রথাগত খেলার ধরনে ফিরিয়ে সফল হয়েছেন। আগের কোচ ড্যানিয়েল গারনারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল। আলফারো দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের আরও বেশি শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলার পাশাপাশি একটি শক্তিশালী রক্ষণাত্মক কাঠামো গড়ে তোলার দিকে ঠেলে দেন। এর ফলাফল ছিল অবিশ্বাস্য রকমের ইতিবাচক। এর পরের ১২টি বাছাইপর্বের ম্যাচে তারা মাত্র একবারই হেরেছে এবং এই প্রক্রিয়ায় সাতটি ম্যাচে কোনো গোলই হজম করেনি।

এই প্যারাগুয়ে তাদের জমাট রক্ষণণ দিয়ে প্রতিপক্ষদের হতাশ করার ক্ষমতা রাখে। আর কাউন্টার অ্যাটাকেও গোল দিতে সিদ্ধহস্ত। জুলিও এনকিসোর সৃজনশীলতার ওপর অনেকটা নির্ভর করতে হবে তাদের। কিন্তু পেশীর চোটের কারণে হয়তো তাকে প্রথম ম্যাচ বেঞ্চেই কাটাতে হচ্ছে।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায়। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে সময় টিভি, টি স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন।

কালের আলো/জেএন/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন