প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ১০:২৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে উদ্বোধনী ম্যাচ দুর্দান্ত এক জয় দিয়ে রাঙিয়ে নিল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সহ-স্বাগতিকেরা। ফোলারিন বালোগানের চোখধাঁধানো জোড়া গোল, প্রতিপক্ষের আত্মঘাতী উপহার এবং শেষ মুহূর্তে রেইনার ফিনিশিংয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই দর্শকদের আক্রমণাত্মক খেলা উপহার দেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭ মিনিটে নিজেদের রক্ষণভাগ থেকে বল টেনে নিয়ে প্যারাগুয়ের বক্সে ঢোকেন ওয়েস্টন ম্যাককেনি। এসি মিলান তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসিং শেষে ম্যাককেনি যখন বক্সের ভেতর কাটব্যাক করেন,

তা ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। ফলে দ্রুততম গোলের রেকর্ড ভাঙ্গার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের নামের পাশে জড়ালেন বোবাদিয়া।

১-০ তে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ২৮ মিনিটে পুলিসিক ও টাইলার অ্যাডামসের পাস থেকে বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিলেন এএস মোনাকো ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তবে পুলিসিক অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে সেই গোলটি বাতিল করেন রেফারি।

গোল বাতিলের সেই আক্ষেপ ঘোচাতে মাত্র ৩ মিনিট সময় নেন ২৪ বছর বয়সী বালোগান। ৩১ মিনিটে বাম প্রান্ত থেকে ক্রিশ্চিয়ান পুলিসিকের বাড়ানো পাস বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই জালে পাঠান বালোগান। ফলে ২-০ ব্যবধানে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা।

দুই গোলে এগিয়েও আক্রমণ চালাতে থাকে স্বাগতিকেরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে মাঝমাঠ থেকে টিলম্যানের বাড়ানো থ্রু-পাস ধরে বক্সে ঢোকেন বালোগান। এরপর বুলেট গতির শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার গোলের ওপর ভর করেই ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ডিফেন্সিভে কিছুটা উন্নতি আনে প্যারাগুয়ে। ম্যাচের ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিম প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে ফাউল করেছেন ভেবে রেফারি প্রথমে রিমকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআর চেকের পর রিপ্লেতে দেখা যায়, আলমিরন কোনো রকম স্পর্শ ছাড়াই ডাইভ দিয়েছেন। ফলে রেফারি মার্কিন অধিনায়কের কার্ড বাতিল করে উল্টো নাটকের জন্য আলমিরনকে হলুদ কার্ডের সাজা দেন।

ম্যাচের ৭৩ মিনিটে অবশ্য এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল প্যারাগুয়ে। গোলরক্ষকের লম্বা শট থেকে বল পেয়ে আলমিরন পাস দেন এনসিসোকে। তার বাড়িয়ে দেওয়া বল ধরে প্যারাগুয়ের বদলি খেলোয়াড় মাউরিসিও ডান কোণ দিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান।

গোল খেয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ম্যাচের শেষ মুহূর্তে আবারও উল্লাসে মাতান জিওভান্নি রেইনা। খেলা শেষের ঠিক আগমুহূর্তে অতিরিক্ত সময়ে ফ্রিম্যানের পাস থেকে প্যারাগুয়ের বক্সের প্রান্তে বল পান এই বদলি মিডফিল্ডার। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন রেইনা। আর তাতেই ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হলো না যুক্তরাষ্ট্রের। গতিময় আক্রমণাত্মক ফুটবলে আরও দুই গোল করে প্রথমার্ধে চালকের আসনে বসে গেল বিশ্বকাপের সহ-আয়োজকরা। দ্বিতীয়ার্ধে প‍্যারাগুয়ে একটু লড়াই করলেও সহজ জয়ই পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

বাংলাদেশ সময় শনিবার সকালে ‘ডি’ গ্রুপের ম‍্যাচে ৪-১ গোল জিতেছে যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেছেন ফোলারান বালুগান, একটি জিওভান্নি রেইনা, অন‍্যটি আত্মঘাতী

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন