যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৪:৩৩ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও প্রিয় দল সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক এবং বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে তার আগ্রহ আরও বেড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তার প্রিয় ফুটবলার নেইমার। তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। তবে ব্যক্তিত্বের দিক থেকে তার পছন্দ লিওনেল মেসি।

নিজের দলীয় সমর্থন নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

মজার বিষয় হলো, অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় মায়ের মতো ব্রাজিলের সমর্থক নন। তিনি আর্জেন্টিনার ভক্ত এবং মেসির সমর্থক। এ প্রসঙ্গে অপু বলেন, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সাপোর্টারও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।

বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবে দেখেন। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন সমর্থকদের উন্মাদনা চলছে, তখন তারকাদের মধ্যেও প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনায় ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও স্পষ্ট করলেন অপু বিশ্বাস।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন