পরিবেশ সুরক্ষায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ: প্রিন্স

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৭:৪৮ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি অঙ্গীকারবদ্ধ। এ কারণেই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি নতুন বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, ‘এক শিশু এক গাছ’ কর্মসূচি এবং পরিবেশবান্ধব চাষাবাদসহ বিভিন্ন পদক্ষেপ সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন।

শনিবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনের পরপরই ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে ময়মনসিংহ জেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের নিজস্ব স্থাপনা ও প্রকল্পভুক্ত এলাকায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেটকে মানবিক অর্থনীতি গঠনের প্রচেষ্টা, অর্থনীতিতে গতিশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ হিসেবে মূল্যায়ন করলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু নেতা নেতিবাচক মন্তব্য করছেন। বিএনপি দেশ ও জনগণের সমস্যা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করেই রাজনীতি করে এবং সেই ধারাবাহিকতায় নির্বাচনি ইশতেহার ও বাজেট প্রণয়ন করেছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

সবার প্রতি বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের পরিচর্যা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয়জনকে গাছ উপহার দিন, সন্তানদের গাছ লাগাতে উৎসাহিত করুন এবং নিজের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ জেলা পরিষদ ও বিএনপির নেতারা বক্তব্য দেন।

পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বধ্যভূমি, কবরস্থান, শ্মশানঘাট, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন