সীমান্তে হিজবুল্লাহর ড্রোন হামলা, কড়া হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১০:২৮ পূর্বাহ্ণ

লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা ও পাল্টা হুমকির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি একটি সামরিক অবস্থানে ড্রোন হামলার দাবি করার পর বৈরুতের দাহিয়েহকে নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী হুলা শহরে একটি ইসরায়েলি সামরিক অবস্থানে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে ছোড়া একটি রকেট প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। রকেট প্রতিহতের চেষ্টার সময় সতর্কতামূলক সাইরেনও বেজে ওঠে বলে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি।

এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেন, উত্তর ইসরায়েলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহকে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে দেওয়া যাবে না।

স্মোটরিচ আরো বলেন, ‘আমাদের ভূখণ্ডের দিকে ছোড়া প্রতিটি গুলির জবাবে বৈরুতের দাহিয়েহ এলাকায় ১০টি ভবন ধসে পড়বে।’ দাহিয়েহ হলো বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি উপশহর, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একের পর এক ড্রোন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এর মধ্যে সর্বশেষ এ হামলার দাবি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন