বলিউড ও টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পরিবারে এখন খুশির হাওয়া। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন তাঁর মেয়ে দিশানী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আংটিবদলের কিছু ছবি শেয়ার করে নিজেই সুখবর দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দিশানীর শেয়ার করা ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন মাইলস। একটি ছবিতে লাজুক হেসে নিজের হাতের আংটি দেখাচ্ছেন দিশানী, আরেকটিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ক্যাপশনে দিশানী লিখেছেন, ‘০৬.১২.২০২৬, আমার জীবনের সবচেয়ে সহজ চিরস্থায়ী সিদ্ধান্ত।’ এই পোস্ট থেকে স্পষ্ট, আগামী ৬ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
মাইলস পেশায় একজন স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। তাঁর সঙ্গে দিশানীর সম্পর্ক বেশ পুরোনো। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির দত্তক কন্যা দিশানী বলিউডের চাকচিক্য থেকে দূরে থাকলেও অভিনয়ে বেশ আগ্রহী। নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে পড়াশোনা করে হলিউডের কয়েকটি শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি।
বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের ভালোবাসায় ভাসছেন দিশানী ও মাইলস। মন্তব্যের ঘরে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ