পরিকল্পিত ও আধুনিক নগর গড়তে চান মউক চেয়ারম্যান মোতাহার হোসেন

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ নগরের গণপূর্ত ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় গণপূর্ত বিভাগের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতায় ময়মনসিংহকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। পাশাপাশি বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের সমন্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দলীয় নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় তিনি পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি সরকার প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে। নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে ময়মনসিংহ মহানগর ও পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন