রাজশাহীতে তুচ্ছ ঘটনায় রেস্তোরাঁ ভাঙচুর,হাতবোমা  বিস্ফোরণে পুলিশ আহত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ১০:৫৯ পূর্বাহ্ণ

রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফয়েজ ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পান। ঘটনার পর তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই তরুণরা আরও লোকজন নিয়ে এসে রেস্তোরাঁটিতে হামলা ও ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে জানতে পেরেছেন, রেস্তোরাঁয় খেতে আসা এক ব্যক্তিকে কর্মচারীদের একজন চাপ্পড় দেখিয়েছেন। এর জের ধরেই তার স্বজন ও পরিচিতরা এসে উত্তেজনা সৃষ্টি করেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাত সাড়ে ১০টার মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেস্তোরাঁর মালিকও হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন