পরিবহণ খাতে ‘মাল্টি মোডাল পদ্ধতি’ ও ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা

পাবনা প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৫:৩৬ অপরাহ্ণ

পরিবহণ খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহণন, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘একে-অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহণ খাতে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না; প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।’

রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ‘ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে; আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এ ছাড়া ঢাকার সঙ্গে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও এরইমধ্যে চালু হয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন