২০১০ সালের কথা। বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে তীব্র খোঁচা দিয়ে সাবেক ইংলিশ ব্যাটার জিওফ বয়কট বলেছিলেন, বাংলাদেশ নাকি ক্রিকেটের অভিজাত এই সংস্করণের যোগ্যই নয়। সময়ের চাকা ঘুরে আজ ২০২৬ সাল। কালের বিবর্তনে সেই ইংল্যান্ডই এখন লাল-বলের ক্রিকেটে টাইগারদের সমীহ করছে, ভাবছে নিজেদের ডেরায় ‘শক্তিশালী প্রতিপক্ষ’ হিসেবে আমন্ত্রণ জানানোর। সব ঠিকঠাক থাকলে, দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে আগামী বছরই ক্রিকেটের মক্কা খ্যাত ‘লর্ডস’-এ সাদা পোশাকে নামতে পারেন শান্ত-মুমিনুলরা। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এই রোমাঞ্চকর তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ লড়াই ‘অ্যাশেজ’ সিরিজের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রচার স্বত্বের চুক্তি মেনে প্রতি গ্রীষ্মে ঘরের মাঠে অন্তত ছয়টি টেস্ট আয়োজন করতে বাধ্য তারা। এই সূচির অংশ হিসেবে শুরুতে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইসিবি। তবে পিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায়, তারা এখন বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে।
এর আগের দুটি অ্যাশেজ (২০১৯ ও ২০২৩) শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিল ইংলিশরা। তবে আইরিশদের বিপক্ষে সেই প্রস্তুতিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি তারা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বাংলাদেশের লড়াকু মনোভাব ও ধারাবাহিক উন্নতি দেখেই এবার টাইগারদের বেছে নিতে চাইছে ইসিবি।
টাইগাররা সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ২০১০ সালে। এরপর লম্বা সময় কেটে গেলেও দ্বিপাক্ষিক টেস্ট খেলতে আর ইংল্যান্ড সফর করা হয়নি বাংলাদেশের। ২০১৬ সালে মিরপুর টেস্টে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ইংলিশদের হারানোর মধুর স্মৃতি থাকলেও, তাদের মাটিতে পরীক্ষা দেওয়া এখনো বাকি।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামীতে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। মিরপুর ও সিলেটে দুটি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে দুই দলের। ধারণা করা হচ্ছে, এই সিরিজের পরই চূড়ান্ত রূপ পাবে আগামী গ্রীষ্মে লর্ডসে ইংল্যান্ড-বাংলাদেশ ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচটি। খুব শীঘ্রই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আর সেখানে ইতিবাচক পারফরম্যান্স ধরে রাখতে পারলে লর্ডসের টিকিট পাওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র।
কালের আলো/আরডি/এমডিএইচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৩:৫১ অপরাহ্ণ