আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের বিধ্বংসী জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ ‘জে’-র নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পরও এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে আর্জেন্টিনার একাদশে একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।
ডালাস স্টেডিয়ামে আজ আলবিসেলেস্তেদের রাইট-ব্যাক পজিশনে দেখা যাবে পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা গনজালো মন্তিয়েলকে আজ বিশ্রামে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে একাদশে ফিরছেন কোচের অন্যতম প্রধান ভরসা নাহুয়েল মলিনা।
মন্তিয়েলের চোট ছাড়া একাদশের বাকি পজিশনগুলো নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত প্রথম ম্যাচের বাকি ১০ জনকেই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগে লাউতারো মার্তিনে নেজের জায়গায় চোট কাটিয়ে ওঠা হুলিয়ান আলভারেজকে খেলানোর গুঞ্জন থাকলেও, ম্যাচ ফিটনেসের ঘাটতি থাকায় লাউতারো মার্টিনেজের ওপরই ভরসা রাখছেন কোচ।
এছাড়া মাঝমাঠে নিকোলাস গঞ্জালেসের খেলার গুঞ্জন থাকলেও নিজের জায়গা ধরে রাখছেন থিয়াগো আলমাদা। অন্যদিকে লেফট-ব্যাকে নিকোলাস তালিয়াফিকো কাফের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজকেও ফাকুন্দো মেদিনা শুরু থেকেই খেলবেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তালিয়াফিকো ও লিয়েন্দ্রো পারেদেসকে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ (৪-৪-২):
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি (অধিনায়ক) এবং লাউতারো মার্টিনেজ।
কালের আলো/আরডি/এমডিএইচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৯:৫৪ অপরাহ্ণ