ঐতিহ্যবাহী ত্রিশাল পৌরসভার গোহাটা মাঠ রক্ষা এবং সেখানে সেটঘর (মার্কেট) নির্মাণের প্রস্তাব বাতিলের দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ত্রিশাল গোহাটা মাঠে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, ত্রিশাল উপজেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী গোহাটা যেখানে গরু, ছাগল, ভেড়া ও শাকসবজির হাট বসে সেই মাঠে বাণিজ্যিক সেটঘর (মার্কেট) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ত্রিশাল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর উদ্যোগে ৬টি সেটঘর নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গোহাটা কেবল একটি বাজার নয়, এটি এ অঞ্চলের শতবর্ষী ঐতিহ্যের অংশ এবং স্থানীয় অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। প্রতি হাটবারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা গবাদিপশু ও কৃষিপণ্য নিয়ে এখানে আসেন। হাটটি বন্ধ হয়ে গেলে হাজারো কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ হারাবেন এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।
তারা আরও বলেন, বর্তমানে গোহাটার বিকল্প হিসেবে কোনো উপযুক্ত স্থান নেই। ফলে মাঠে মার্কেট নির্মাণ করা হলে গরু-ছাগল ও শাকসবজির ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়ক ও আশপাশের এলাকায় বাজার বসাবেন, যা যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি করবে। বক্তারা অবিলম্বে গোহাটা মাঠে মার্কেট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া স্থগিত, মাঠটি উন্মুক্ত রাখার এবং অন্য কোনো উপযুক্ত স্থানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমতের বিরুদ্ধে গোহাটা মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মশিউর রহমান দীপক, উমর ফারুক, মতিউর রহমান মতি, মাওলানা আবু তাহের স্থানীয় বাসিন্দা।
কালের আলো/এম/এএইচ

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ৭:৫৭ অপরাহ্ণ