ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংশ্লিষ্ট কলেজের ইউটিউব চ্যানেলে তার ক্লাস নেওয়ার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
গত বৃহস্পতিবার ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিক এক ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড ব্যবহার করে শিক্ষার্থীদের নাক-কান-গলা (ইএনটি) বা টনসিল সংক্রান্ত চিকিৎসাবিষয়ক পাঠদান করছেন ডা. প্রাণ গোপাল দত্ত।
তবে তিনি ঠিক কতদিন ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন বা কবে সেখানে যোগ দিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কলেজ কর্তৃপক্ষ এখনও জানায়নি।
প্রসঙ্গত, ডা. প্রাণ গোপাল দত্ত বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ লাভ করেন। পরবর্তীতে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হন এবং কুমিল্লা-৭ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী ও এমপির মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এতদিন তার সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও, ত্রিপুরার এই মেডিকেল কলেজের ভিডিওটি সামনে আসার পর তিনি যে বর্তমানে ভারতেই অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া গেছে।
কালের আলো/আরডি/এমডিএইচ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ