আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৬:০০ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে চাইলে সমর্থন দেবে মালয়েশিয়া। একইসঙ্গে তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহায়তা করবে চীন। সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতে একমত হয়েছে দুই দেশ।

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক প্রধান উপদেষ্টার চীন সফরের চেয়েও প্রধানমন্ত্রীর চীন সফর অনেক বেশি ফলপ্রসূ। কারণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছিল খুবই কম। আর বিএনপির নির্বাচিত সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠেছে। বিগত বছরের সফরের যেগুলো স্বপ্ন ছিল, সেগুলোর বাস্তবায়ন বড় আকারে এই সরকারের সফরের মাধ্যমে সামনে এসেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা নিরসনে চীন শক্তিশালী সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গা সমস্যা আগে দুইবারই বিএনপি সমাধান করেছে, এবারও এই সমস্যা বিএনপি সরকারই সমাধান করবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হূমায়ুন কবির বলেন, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে আরও সুসম্পর্ক তৈরি হবে।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন বিভিন্নভাবে সহায়তা করবে। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতেও তারা আগ্রহ প্রকাশ করেছে। এই সফরে বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে বাংলাদেশে একটি গ্রিন সিটি নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিনিয়োগকারীরা। কত দ্রুত সময়ের মধ্যে দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুদূরপ্রসারী ও শক্তিশালী পদক্ষেপ দেখবে দেশবাসী।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন