আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনে অংশ নিতে পারে ২ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে কয়েক কোটি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে যে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের বিশাল সমাগম হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৪ জুলাই তেহরান এবং কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বে খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে।

মেহেরের তথ্যমতে, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে কাজ করছে।

ইরাকের কারবালার একটি শিয়া মাজারেও একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলার প্রথম দফায় তেহরানে নিজ সরকারি বাসভবনে নিহত হওয়ার সময় খামেনির বয়স ছিল ৮৬ বছর। তার জানাজা ও দাফন মূলত আরও অনেক আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বারবার স্থগিত করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন