তীব্র তাপপ্রবাহে ইউরোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে জার্মানিতে তাপমাত্রা পৌঁছেছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, গত ২১ জুন থেকে ইউরোপে তীব্র তাপমাত্রায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু নথিভুক্ত হয়েছে।
রোববার (২৯ জুন) ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। তীব্র গরমের ঢেউ ধীরে ধীরে পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড্রোস বলেন, ‘তাপজনিত চাপকে প্রায়ই নীরব ঘাতক বলা হয়। ইউরোপের ঘরবাড়ি, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের তাপমাত্রার জন্য তৈরি নয়।’
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার থেকে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় এক হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মানুষদের বেশির ভাগই ৬৫ বছর বা তার বেশি বয়সী। একই সময়ে বাড়িতে মৃত্যুর ঘটনা ৪০ শতাংশ বেড়েছে।
টেড্রোস সতর্ক করে বলেন, ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে এ মহাদেশের তাপমাত্রা বাড়ছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, বর্তমানে ইউরোপের লাখো মানুষ তীব্র তাপপ্রবাহের মধ্যে জীবনযাপন করছেন। এতে শত শত মানুষের মৃত্যু হয়েছে, অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চাপের মুখে পড়েছে।
রোববার জার্মানিতে টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দেশটির পূর্বাঞ্চলে তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পোল্যান্ড সীমান্তের কাছে ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের কোশেন এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
চেক প্রজাতন্ত্রেও টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। রাজধানী প্রাগের উত্তরে ডোকসানি এলাকায় তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারই তাপপ্রবাহের সর্বোচ্চ তীব্রতা দেখা যেতে পারে। পরে পশ্চিমাঞ্চলে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
পোল্যান্ডও তাদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দেশটির স্লুবিৎসে শহরে তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস বলেন, জলবায়ু পরিবর্তনই এ ধরনের চরম আবহাওয়ার জন্য দায়ী। তার ভাষায়, ‘জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে এক সময় যে তাপপ্রবাহকে প্রজন্মে একবারের ঘটনা বলা হতো, তা এখন প্রায় প্রতি বছরই ঘটছে।’
তিনি ইউরোপের দেশগুলোকে ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বা তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। গরমের কারণে ইউরোপের বিভিন্ন দেশে নানা জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।
কালের আলো/জেএন/এমএসআইপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৯:২৪ পূর্বাহ্ণ